বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার পর ফেরার পথে দুই ভারতীয় পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নেপালের এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার (২০ মে) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

নিহত পর্বতারোহীরা হলেন অরুণ তিওয়ারি ও সন্দীপ আরে। নেপালের এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের মহাসচিব ঋষি ভান্ডারি জানান, শৃঙ্গ জয় শেষে নামার সময় তারা অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েন।
তিনি বলেন, এক পর্বতারোহী নামার পথে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লে শেরপা গাইডরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। ব্যালকনি এলাকা থেকে সাউথ কলে রাতভর উদ্ধার অভিযান চালানো হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ভান্ডারি আরও জানান, অরুণ তিওয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এভারেস্টের চূড়ায় পৌঁছান। তার সঙ্গে দুইজন অভিজ্ঞ শেরপা গাইড ছিলেন। তবে নামার পথে হিলারি স্টেপ এলাকায় তিনি অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েন এবং তাকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়নি।
প্রতিবেদনে বলা হয়, হিলারি স্টেপের কাছেই চারজন শেরপা গাইডের সহায়তায় নামানোর সময় অরুণ তিওয়ারির মৃত্যু হয়। অন্যদিকে সন্দীপ আরেকে উদ্ধার করে ক্যাম্প-২ এ নেওয়া হলেও সেখানে তার মৃত্যু ঘটে।
এদিকে চলতি মৌসুমে বেশ কয়েকজন ভারতীয় সফলভাবে এভারেস্ট জয় করেছেন। তাদের মধ্যে রয়েছেন ২১ বছর বয়সী সানিকা শাহ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নারী পর্বতারোহী দল।
নেপাল সরকারের তথ্যমতে, চলতি বছরে এভারেস্ট অভিযানের জন্য রেকর্ডসংখ্যক ৪৯৩টি অনুমতি দেওয়া হয়েছে। ১৯৫৩ সালে তেনজিং নোরগে ও স্যার এডমন্ড হিলারির প্রথম সফল এভারেস্ট জয়ের পর এটিই সর্বোচ্চ সংখ্যক অনুমতির রেকর্ড।




