নতুন এই ছবি প্রকাশের পর ভারতের বিরোধী দলগুলো একযোগে সরব হয়েছে। ছবি প্রকাশের সময়টি কাকতালীয়ভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মুম্বাই সফরের সঙ্গে মিলে যাওয়ায় প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বুধবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘রুবিও মুম্বাইতে গেলেন। মার্কিন বিচার বিভাগ এপস্টিন ও পুরির ছবি প্রকাশ করল।’
বিজেপি ও আরএসএসকে ইঙ্গিত করে রাহুল আরও লেখেন, ‘প্রিয় বিজেপি এবং আরএসএস কর্মীরা, আপনাদের কি মনে হয় তারা কোনো দেশবিরোধী বিশ্বাসঘাতককে ব্ল্যাকমেল করছে?’
তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রও কড়া ভাষায় আক্রমণ করেছেন। পুরির সরকারি প্রতিনিধিদলের অংশ হিসেবে সাক্ষাতের দাবির প্রসঙ্গ টেনে এক্সে তিনি লিখেছেন, ‘(পুরি) আমাদের বলেছিলেন যে তিনি কেবল একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে তিন-চারবার এপস্টিনের সঙ্গে দেখা করেছিলেন। অনুমান করছি এই দুই ছবিতে বাকি প্রতিনিধিরা টেবিলের নিচে লুকিয়ে ছিলেন।’
অন্য একটি পোস্টে মন্ত্রীর উদ্দেশে মহুয়া লেখেন, ‘সামান্য লজ্জা রাখুন এবং অন্তত এখন থেকে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়া বন্ধ করুন।’
