এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত ২ আগস্ট বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি করা হয়।

বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর মনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশ। বগুড়া সদর থানা বিএনপির সভাপতি এইচ এস মাফুতুন আহমেদ খান দায়ের করা মামলায় ভোর চারটার দিকে অভিযান চালিয়ে সালাউদ্দীন তানভীরকে আটক করা হয়। পরে তাকে বগুড়ায় নিয়ে আদালতে হাজির করার প্রক্রিয়া শুরু হয়।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় এর আগে ৩১ জুলাই একই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি কেন্দ্রীয় কমিটি থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

এদিকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, গাজী সালাউদ্দীনের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট পোস্টটি তিনি মুছে ফেলার পাশাপাশি প্রকাশ্যে দুঃখ প্রকাশও করেছিলেন।

ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও তিনি অঙ্গীকার করেছিলেন। এরপরও তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলে এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন সারজিস আলম।

উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের ২১ এপ্রিল ডিসি নিয়োগ বাণিজ্য এবং পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে গাজী সালাউদ্দীন তানভীরকে সাময়িকভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে সাংগঠনিক দায়িত্বে ফিরিয়ে আনা হয়।

Scroll to Top