এক মাসের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু | চ্যানেল আই অনলাইন

এক মাসের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এক সপ্তাহের মধ্যে বিচারক নিয়োগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে মাস খানেকের মধ্যেই বিচার শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা।

প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বুধবার বিকেলে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমরা আশা করি ফুল স্কেলে বিচার কাজ হয়তো মাস খানেকের মধ্যে শুরু হয়ে যাবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে সম্ভবত ট্রাইব্যুনাল (বিচারক নিয়োগ) পুনর্গঠন হয়ে যাবে।’

GOVT

আইন উপদেষ্টা আরও বলেন, ‘আমরা (আইন মন্ত্রণালয়) যখন ট্রাইবুনালের জন্য জাজ চাইতাম তখন সুপ্রিম কোর্ট থেকে বলা হত যে, আমাদের জাজের অনেক সংকট রয়েছে। এখন আশা করি সে সংকটটা অনেক দূর হয়েছে। আজকে অনেকজন নতুন জাজ (হাইকোর্টে ২৩ অতিরিক্ত বিচারপতি) নিয়োগ হয়েছে। ট্রাইব্যুনালে এখন বিচারক নিয়োগ হয়ে গেলে কাজটার একটা ধাপ শুরু হবে। যদিও ট্রাইব্যুনালের কাজ এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। আমাদের যে প্রসিকিউশন টিম আছে তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।’

এদিকে, গত ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া প্রসিকিউশন টিমের অপর পাচ প্রসিকিউটররা হলেন মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান ও মো. সাইমুম রেজা তালুকদার।

অন্যদিকে, ১০ জন কর্মকর্তার সমন্বয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে। যেখানে তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর পদে মো. মাজহারুল হককে (অ্যাডিশনাল ডিআইজি, অবসরপ্রাপ্ত) এবং কো–কোঅর্ডিনেটর পদে মুহাম্মদ শহিদুল্যাহ চৌধুরীকে (পুলিশ সুপার, অবসরপ্রাপ্ত) নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত সংস্থার অপর কর্মকর্তারা হলেন: মো. আলমগীর (অতিরিক্ত পুলিশ সুপার, অ্যান্টিটেররিজম ইউনিট ঢাকা), মোহা. মনিরুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই হেডকোয়ার্টার্স), মো. জানে আলম (অতিরিক্ত পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা), সৈয়দ আবদুর রউফ (সহকারী পুলিশ সুপার, ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল, ঢাকা), মো. ইউনুছ (পুলিশ পরিদর্শক–নিরস্ত্র, সিআইডি), মো. মাসুদ পারভেজ (পুলিশ পরিদর্শক–নিরস্ত্র, চারঘাট মডেল থানা, রাজশাহী), মুহাম্মদ আলমগীর সরকার (পুলিশ পরিদর্শক–নিরস্ত্র, আরআরএফ–ঢাকা) ও মো. মশিউর রহমান (পুলিশ পরিদর্শক–নিরস্ত্র, সিআইডি, ঢাকা মেট্রো–উত্তর)।

গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে।

Scroll to Top