এআই সহযোগিতা ও ২০০ বিলিয়ন ডলারের চুক্তিতে আমিরাতের পাশে ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

এআই সহযোগিতা ও ২০০ বিলিয়ন ডলারের চুক্তিতে আমিরাতের পাশে ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে সম্পর্ক জোরদারে ২০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের চুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ মে ওয়াশিংটনে ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর এসব চুক্তির ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, আমি নিশ্চিত, যুক্তরাষ্ট্র ও ইউএই’র সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী ও বৃহৎ হবে।

নতুন চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে ইতিহাদ এয়ারওয়েজের ১৪.৫ বিলিয়ন ডলারের বোয়িং চুক্তি, যার আওতায় ২৮টি ৭৮৭ ও ৭৭৭এক্স বিমান কেনা হবে। এসব বিমানে ব্যবহৃত হবে জিই অ্যারোস্পেসের ইঞ্জিন।

এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউএই’র মধ্যে ‘এআই অ্যাক্সেলারেশন পার্টনারশিপ’ স্থাপনের চুক্তিও হয়েছে। এই অংশীদারত্বের অংশ হিসেবে উদ্বোধন করা হয়েছে ৫ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি নতুন এআই ক্যাম্পাস—যা যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র হিসেবে বিবেচিত হবে।

চুক্তির আওতায় ইউএই এখন থেকে মার্কিন কোম্পানি এনভিডিয়া থেকে প্রতিবছর ৫ লাখ উন্নত এআই চিপ আমদানি করতে পারবে। যা দেশটিতে বৃহৎ পরিসরে ডেটা সেন্টার নির্মাণ ও এআই মডেল উন্নয়নে গতি আনবে।

হোয়াইট হাউস জানায়, নতুন চুক্তির পাশাপাশি পূর্বঘোষিত ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ প্রকল্পেও গতি এসেছে। এর মধ্যে রয়েছে এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়ামের ওকলাহোমায় ৪ বিলিয়ন ডলারে অ্যালুমিনিয়াম স্মেল্টার নির্মাণ এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির সঙ্গে এক্সনমোবিল, অক্সিডেন্টাল পেট্রোলিয়াম ও ইওজি রিসোর্সেসের ৬০ বিলিয়ন ডলারের তেল-গ্যাস প্রকল্প।

যুক্তরাষ্ট্রে ইউএই’র বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আমিরাতও ঘোষণা দিয়েছে, দেশটিতে নির্মিত ডেটা সেন্টারগুলো যেন মার্কিন নিরাপত্তা নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। প্রযুক্তির অপব্যবহার রোধে দেশটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নির্দেশনার অনুসরণ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে।

Scroll to Top