দেশের পর্যটন খাতের টেকসই ও সমন্বিত উন্নয়নের লক্ষ্যে গঠিত গবেষণাভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডারস সোসাইটি অফ বাংলাদেশ (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) উৎসবের পরিচালনা পর্ষদ ও উপদেষ্ঠাদের এক জরুরি সভায় প্রথমবারের মত পাঁচজন সদস্য তাদের সদস্য ফি সভাপতি এইচ এম হাকিম আলীর হাতে তুলে দিয়ে উৎসবের কার্যক্রমের সাথে নিজেদের সম্পৃক্ত হবার ঘোষণা দেন।
সভায় সিদ্ধান্ত হয়েছে যে, অবলম্বে উৎসবের পক্ষ থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং খুলনার সুন্দরবন নিয়ে দুটি গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে ঢাকায় আগত পর্যটকদের ওপর একটি জরিপ পরিচালনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
সভায় দেশের পর্যটন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হলেও সকল স্টেকহোল্ডারদের সম্মিলিত প্লাটফর্ম হিসেবে গবেষণা এবং এসংক্রান্ত জ্ঞানভিত্তিক কাযর্ক্রম চালানোর ওপর আলোকপাত করেন নতুন সদস্যরা।
এসময় ইনবাউন্ড, আউটবাউন্ড এবং ডোমেস্টিক ট্যুরিস্টদের ওপর নিয়মিত জরিপ গবেষণার ফল তুলে ধরে দেশের পর্যটনখাতের নীতি-নির্দেশনায় উৎসব গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে বলেও মতামত দেন আলোচকরা।
সভায় উৎসবের এইচ এম হাকিম আলির সভাপতিত্বে বক্তব্য রাখেন উৎসবের সহসভাপতি তৌফিক রহমান, সাধারন সম্পাদক রেজাউল একরাম, পরিচালক কামরুল হাসান, ট্যুর অপারেটর বোরহান উদ্দিন, পর্যটন উদ্যোক্তা সাবিনা ইয়াসমিন, পাগমার্ক ট্যুরস এন্ড ট্রাভেলের নজরুল ইসলাম বাচ্চু, উপদেষ্টা প্রণব সাহা প্রমুখ।
এসময় আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে একটি গোলটেবিল আলোচনা এবং একটি নিউজলেটার প্রকাশেরও সিদ্ধান্ত হয়েছে।



