
নয়াদিল্লি, ১৪ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে ভারতের পতাকাবাহী দুটি জ্বালানি ট্যাংকার। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি বহনকারী এই জাহাজ দুটি শুক্রবার ভোরে প্রণালি পেরিয়ে ভারতের দিকে যাত্রা শুরু করেছে বলে দেশটির বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানান, জাহাজ দুটি ভোরের দিকে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে ভারতের পশ্চিমাঞ্চলীয় বন্দরগুলোর উদ্দেশে অগ্রসর হচ্ছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস সরবরাহ এই প্রণালি দিয়েই হয়ে থাকে।পারস্য উপসাগরীয় অঞ্চলে সংঘাত শুরুর পর থেকে বিভিন্ন জাহাজে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এমনকি ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার সতর্কতাও দিয়েছিল।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেন। সে সময় তারা এই নৌপথ দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বিশদ আলোচনা করেন।
এছাড়া গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন। একইসঙ্গে তিনি ওই অঞ্চলে ভারতীয়দের সুরক্ষা এবং জ্বালানি ও অন্যান্য পণ্য অবাধে যাতায়াতের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান।
শীর্ষ পর্যায়ের এসব আলোচনার পরপরই শুক্রবার ভারতীয় ট্যাংকার দুটির নিরাপদে প্রণালি অতিক্রম করার খবর সামনে এল।
এনএন/ ১৪ মার্চ ২০২৬





