রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশের কাঁচাবাজারের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান রাতে চ্যানেল আই অনলাইনকে জানান, সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে সেখানে ড্যাম্পিংয়ের কাজ চলছে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত ঘটেছিল, তা এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, রাত ২টার দিকে জমজম টাওয়ারের পাশে অবস্থিত কাঁচাবাজারে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
জানা যায়, কাঁচাবাজারটির ভেতর মুদিসহ অন্যান্য দোকান ছিল। এছাড়া সেখানে ফার্নিচারের কয়েকটি দোকান ছিল। যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া এটির ভেতর লেপ-তোশকের দোকান এবং মেশিনারি ছিল।






