মেয়েকে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার-এ অবস্থিত স্টার সিনেপ্লেক্স-এ সিনেমা দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের সেখানে যাওয়ার একটি ভিডিও ক্লিপও ইতিমধ্যেই ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে মেয়েকে পাশে নিয়ে সীমান্ত সম্ভারে প্রবেশ করছেন তিনি।
জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তারেক রহমান সীমান্ত সম্ভারে পৌঁছান। তারা দেখতে গেছেন ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।
এ বিষয়ে স্টার সিনেপ্লেক্স-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আজ দুপুরে পিএম অফিস থেকে ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর কিছু টিকিট কেটে নেয়া হয়। আজ সন্ধ্যায় পিএম খুবই ক্যাজুয়ালি মেয়েকে নিয়ে সিনেমা দেখতে আসেন।
এই কর্মকর্তা জানান, এটা নতুন নয়, এরআগে ২০০৪ সালের দিকেও স্টার সিনেপ্লেক্সে এসে সিনেমা দেখেছেন তারেক রহমান।
এ বিষয়ে ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাতা তানিম নূর চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রধানমন্ত্রী সত্যিই ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গেছেন কিনা, আমি এ বিষয়ে কিছুই জানি না! এমনটা যদি হয়, তাহলে তো অবশ্যই এটা আমাদের গোটা সিনেমার অনুপ্রেরণার!
নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত।
সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর ও শরিফুল রাজ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন এবং জাকিয়া বারী মমসহ আরও অনেকে।
ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেশীয় বাজারে সাড়া জাগানোর পর ইতোমধ্যে অস্ট্রেলিয়াতেও মুক্তি পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। শিগগিরই কানাডা ও যুক্তরাষ্ট্রেও মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।



