ঈদের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরে গোর-এ-শহীদ বড় ময়দান | চ্যানেল আই অনলাইন

ঈদের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরে গোর-এ-শহীদ বড় ময়দান | চ্যানেল আই অনলাইন

এশিয়া উপমহাদেশের অন্যতম বৃহৎ দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। প্রতিবারের মতো এবারও প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এই মাঠে, যেখানে দিনাজপুর ও আশপাশের জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক লাখ মুসল্লী অংশগ্রহণ করবেন।

সকাল-সন্ধ্যা শ্রমিকরা মাঠ প্রস্তুতির কাজ চালাচ্ছেন। কেউ চুন দিয়ে নামাজের কাতারের লাইন টানছেন, কেউ মেশিনের মাধ্যমে মাঠ সমান করছেন। মাঠে দৃষ্টিনন্দন গেট নির্মাণের কাজ চলছে, আবার কিছু কর্মী আবর্জনা পরিষ্কার এবং সাজসজ্জার দায়িত্বে রয়েছেন।

ঈদগাহ মাঠের প্রধান প্রবেশপথে একটি আকর্ষণীয় গেট নির্মাণ করা হয়েছে, যাতে মুসল্লিরা সহজে প্রবেশ ও নামাজ আদায় করতে পারেন। ঈদের দিন সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

দিনাজপুরের পুলিশ সুপার (পিপিএম) মোঃ জেদান আল মুসা বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্ন নামাজ আদায়ের জন্য মাঠে থাকবে।

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, মাঠ প্রস্তুতির বিষয়টি জেলা প্রশাসন, দিনাজপুর পৌরসভা ও জেলা পরিষদের সম্মিলিত উদ্যোগে সম্পন্ন হচ্ছে।

মাঠ পরিদর্শন করেছেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং সকলকে সুষ্ঠুভাবে নামাজ আদায়ের আহবান জানিয়েছেন।

মুসল্লিদের নির্বিঘ্ন প্রবেশ ও প্রস্থানের জন্য মাঠের চারপাশে মোট ২০টি গেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

Scroll to Top