
সাভার, ১৬ মার্চ – ঈদুল ফিতরের ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের দিন ব্যাংক পুরোপুরি বন্ধ থাকবে।
সোমবার ১৬ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট বা এসডিএডি এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। পরবর্তীতে এই নির্দেশনাটি দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে যে আমদানি ও রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সচল রাখার স্বার্থে ঈদের দিন ছাড়া আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সমুদ্রবন্দর স্থলবন্দর এবং বিমানবন্দর এলাকায় প্রয়োজন অনুযায়ী ব্যাংকের শাখা উপশাখা ও বুথ সীমিত পরিসরে খোলা রাখতে হবে।
এছাড়াও আগামী ১৮ মার্চ বুধবার ও ১৯ মার্চ বৃহস্পতিবার শিল্প এলাকায় অবস্থিত বিশেষ শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এর মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া হবে। তবে গ্রাহকদের সাথে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
সাভার গাজীপুর টঙ্গী আশুলিয়া ভালুকা নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প নির্ভর এলাকাগুলোতে এই বিশেষ সুবিধা কার্যকর থাকবে।
অন্যদিকে ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সাথে লেনদেনের নির্দিষ্ট সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করবে। যদি আগামী ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর উদযাপিত হয় তবে ওই দিন দেশের সকল ব্যাংক বন্ধ থাকবে।
এ এম/ ১৬ মার্চ ২০২৬




