পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেকোনো অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে সারা দেশে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নিরাপত্তাব্যবস্থার কথা জানিয়েছে র্যাব।
মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এবং র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি ডিবি ও সিটিটিসির সদস্যরা গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।
গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম (বিশেষ তল্লাশি) পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে।