
ঢাকা, ২১ মার্চ – এবারের ঈদে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন পাঁচটি সিনেমা। সিনেমাগুলো হলো আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’, রেদওয়ান রনির ‘দম’, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ এবং মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’।
বরাবরের মতোই এবারের ঈদেও হল পাওয়ার দিক থেকে সবার চেয়ে এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। দেশের প্রায় ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি অধিকাংশ সিঙ্গেল স্ক্রিনেই আধিপত্য বিস্তার করেছে।
ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন তাসনিয়া ফারিণ। এছাড়াও অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার এবং ডা. এজাজ। অন্যদিকে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটির ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে।
স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায় ঈদের প্রথম দিন থেকেই ২৭টি শো পেয়েছে সিনেমাটি। আফরান নিশো ও পূজা চেরি অভিনীত এই সিনেমায় আরও দেখা যাবে চঞ্চল চৌধুরী ও ডলি জহুরকে। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস এবং কুমিল্লার কে স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।
তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা ও কণ্ঠশিল্পী মাশা। ইমপ্রেস টেলিফিল্ম এবং কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় রায়হান রাফী নির্মাণ করেছেন ‘প্রেশার কুকার’।
এই সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস এবং খুলনার লিবার্টি সিনেমায় চলছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর ও সাবেরী আলম।
এছাড়া মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার, লায়ন সিনেমাস এবং কুলিয়ারচরের আনন্দ সিনেমা হলে মুক্তি পেয়েছে। এই চলচ্চিত্রে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জি।
এ এম/ ২১ মার্চ ২০২৬





