গেল বছর ‘তাণ্ডব’ দিয়ে আলোচনায় এসেছিলেন সাবিলা নূর। প্রথম সিনেমায় নজড় কেড়ে এই অভিনেত্রী আসন্ন ঈদের জন্য ‘বনলতা এক্সপ্রেস’ নামে নতুন সিনেমায় অভিনয় করেছেন। ‘উৎসব’-খ্যাত নির্মাতা তানিম নূর পরিচালিত তারকাবহুল এ সিনেমাটি নিয়ে ব্যাপক আশাবাদী সাবিলা।
‘বনলতা এক্সপ্রেস’-এ একেবারে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাবিলা। কদিন আগে চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এটা আর্ট ফিল্ম না। রোম্যান্স, কমেডি, ট্রাজেডি সব রয়েছে। যেগুলো দর্শকরা আকৃষ্ট হয়ে সিনেমা হলে আসে সবই আছে এতে।
“কিন্তু প্রথাগতভাবে নাচ-গানের ব্যাপার নেই। যে গল্প রয়েছে সেটা এখানে অন্যতম বড় শক্তি। হুমায়ূন আহমেদের স্যারের ফ্যানদের পাশাপাশি যারা ‘উৎসব’ দেখেছেন তারাও নিশ্চয়ই এই সিনেমা দেখবেন। সবকিছু মিলিয়ে আমি মনে করি এই সিনেমার পটেনশিয়াল আছে।” বলেন সাবিলা।
নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এতে ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করছেন সাবিলা। তিনি ছাড়াও অভিনয় করেছেন মোশাররফ করিম, শরিফুল রাজ, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার, আজমেরি হক বাঁধন।
বুধবার দুপুরে সাবিলা তার লুকের কিছুটা অববয় প্রকাশ করেছেন। নিজের ফ্যান পেইজের প্রোফাইল পিকচার দিয়ে সাবিলা লিখেছেন, ”আপনাদের চিত্রা। ‘বনলতা এক্সপ্রেস’ এই ঈদে আসছে।”
সেই পোস্টে যারা ‘কিছুক্ষণ’ উপন্যাস পড়েছেন, তারা চিত্রা চরিত্রটি নিয়ে অনেকে মন্তব্য করেছেন। মানতাশা নামে একজন লিখেছেন, ‘কিছুক্ষণ’ উপন্যাসে চিত্রা আমার সবচেয়ে প্রিয় চরিত্র। আরেকজন লিখেছেন, জীবন্ত চিত্রাকে দেখার অপেক্ষা সইছে না! অনেকেই লিখেছেন, চিত্রার জন্য অনেক শুভকামনা।
উপনাস্যের পাতা থেকে উঠে রুপালি পর্দার চিত্রা কেমন হবে? জানতে চাইলে সাবিলা বলেন, চিত্রা বাইরে থেকে একদম চুপচাপ, সংযত, কিন্তু ভেতরে ভীষণ বিদ্রোহী আর তীক্ষ্ণ পর্যবেক্ষক। সে কম কথা বলে, কিন্তু চারপাশের প্রতিটা মানুষ আর পরিস্থিতিকে গভীরভাবে লক্ষ্য করে।
সাবিলার ভাষ্য, চিত্রার মধ্যে চঞ্চলতা আছে, তবে সেটা হঠাৎ করেই প্রকাশ পায় অপ্রস্তুত, স্বতঃস্ফূর্ত আর অর্থপূর্ণভাবে।
সাবিলা বলেন, বনলতা এক্সপ্রেসে চিত্রা ওঠে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। কিন্তু যাত্রাপথে ঘটতে থাকা ঘটনা মানুষের সঙ্গে পরিচয় ও কথোপকথনের কারণে ধীরে ধীরে বদলে যেতে থাকে সেই উদ্দেশ্য। ট্রেনের এই সফরই তার ভাবনা, বিশ্বাস আর সিদ্ধান্তকে নতুন দিকে ঘুরিয়ে দেয়।
সাবিলা নূর আরও বলেন, এই যাত্রায় চিত্রার সঙ্গে রাশিদ উদ্দিন (মোশাররফ করিম) এবং ড. আশহাব (শরিফুল রাজ)-এর একাধিক ইন্টারেস্টিং আলাপ দেখা যাবে।



