ঈদে ট্রেন টিকেট কালোবাজারি: ৫০০ থেকে ৭০০ টিকিট একাই বিক্রি করত উত্তম

ঈদে ট্রেন টিকেট কালোবাজারি: ৫০০ থেকে ৭০০ টিকিট একাই বিক্রি করত উত্তম

রেলওয়ে টিকেট কালোবাজারী চক্রের মূলহোতাসহ ৮জনকে রাজধানীর বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। চক্রের হোতা উত্তম চন্দ্র দাস প্রতিবছর ঈদে ৫০০ থেকে ৭০০ টিকিট কালোবাজারি করত।

র‌্যাব-১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম বিষয়টি জানান। তিনি বলেন, ঈদ উপলক্ষে অধিক সংখ্যক মানুষ ঘরে ফেরার সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় অসাধু ব্যক্তি ট্রেনের টিকেট কালোবাজারীর সাথে জড়িয়ে পড়ে। কিন্তু ঈদ উপলক্ষে ট্রেনের টিকেট ছাড়ার সাথে সাথে টিকেট শেষ হয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা গোয়েন্দা নজরদারি চালিয়ে চক্রটির সন্ধান পাই। এই অভিযানে আমরা প্রথমে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে উত্তম চন্দ্র দাস (৩৪) নামে একজনকে অনলাইন টিকিটের প্রিন্টেড কপিসহ আটক করি। তারপর তার স্বীকারোক্তি অনুযায়ী আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রেলওয়ের আউটসোর্সিং কর্মচারীও রয়েছেন এবং সহজ ডটকমের কিছু অসাধু কর্মীর সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে।

;

চক্রের হোতা উত্তম চন্দ্র দাসের নিকট থেকে জানা যায়, তিনি প্রতিবছর ঈদ মৌসুমে আনুমানিক প্রায় ৫০০ থেকে ৭০০ রেলওয়ে টিকেট অবৈধে কালোবাজারী করতেন। এভাবে প্রতি মৌসুমে তিনি প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার মত অবৈধভাবে আয় করতেন বলে স্বীকার করেছেন। উল্লেখ্য তার বিরুদ্ধে ইতোপূর্বে পুলিশের চারটি মামলা রয়েছে।

এই অভিযানে তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন ও ৩ লাখ ৩ হাজার ৪২ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

Scroll to Top