ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি | চ্যানেল আই অনলাইন

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে অবিলম্বে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ইশরাকের সমর্থকরা। এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিপক্ষেও বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের।

রোববার (১ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় তারা এসব কথা জানায়।

এর আগে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে ১৬তম দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে নগর ভবনের কর্মচারী-শ্রমিকসহ ইশরাক সমর্থকরা। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে ঢাকাবাসীর ব্যানারে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জড়ো হয় তার সমর্থকরা।

উল্লেখ্য, গত মাসের ১৭ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয় ইশরাক সমর্থকরা। সেই দিন থেকেই কার্যত অচল নগর ভবনের কার্যক্রম।

এরপর থেকে বিভিন্ন দিনে নগর ভবনের সামনের সড়কসহ মৎস্য ভবন মোড় ও যমুনা অভিমুখের সড়ক দখল করে বিক্ষোভ করে ইশরাক হোসেনের সমর্থকরা। ২২ মে আদালতে ইশরাকের পক্ষে রায় দিলে রাজপথ থেকে নেতাকর্মীরা সরে গেলেও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলতে থাকে। ১৬তম দিনেও নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন নগর ভবনের কর্মচারীসহ ইশরাক সমর্থকরা।

Scroll to Top