
তেহরান, ২৮ ফেব্রুয়ারি – ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে।
এই হামলায় পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে বলে নিশ্চিত করা হলেও কোনো আহতের খবর পাওয়া যায়নি। এর মধ্যেই তেহরানে আবার নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং যোগাযোগের অসুবিধার কারণে সেখানকার সঠিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাচ্ছে না।
ধারণা করা হচ্ছে এটি একটি ধারাবাহিক সামরিক অভিযান হতে যাচ্ছে। অপরদিকে ইসরায়েলের চ্যানেল ১২ সম্প্রচারক জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে একটি ৯ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে একটি অ্যাপার্টমেন্টে ব্যাপক ক্ষতি হয়েছে এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।
ইসরায়েলের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে।
সেনাবাহিনীর টেলিগ্রাম বিবৃতিতে জানানো হয়েছে এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি নিরসনের জন্য যেখানে প্রয়োজন সেখানে প্রতিহত ও হামলার অপারেশন পরিচালনা করছে। বিবৃতিতে সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা অনুসরণ করে সতর্কতার সাথে চলার আহ্বান জানানো হয়েছে।
এম ম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬





