যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা আজ থেকেই শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের পরিকাঠামোয় পরিকল্পিত একটি বড় সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে, কারণ উভয় পক্ষের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতার পথ তৈরি হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, স্থানীয় সময় আজ (৩ আগস্ট) সোমবার বিকেল থেকেই আলোচনা শুরু হওয়ার কথা। তবে বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে বা এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশ তাকে সামরিক হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। তাদের বিশ্বাস, সম্ভাব্য চুক্তির মূল বিষয়গুলোতে ইতোমধ্যে সমঝোতা হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র একটি ‘বিশাল’ সামরিক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তার দাবি, অভিযানটি বাস্তবায়িত হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলাগুলোর একটি হতে পারত। তবে তিনি বলেন, আলোচনার সুযোগ থাকলে যুদ্ধ নয়, কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিতে চান।
তিনি আরও জানান, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নেতারা তাকে হামলা না চালানোর অনুরোধ করেছেন। ট্রাম্পের আশা, হরমুজ প্রণালি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি উভয় ইস্যুতেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।



