
ওয়াশিংটন, ২৪ মার্চ – ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জোরালো চাপ দিচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ সালমান ট্রাম্পকে জানিয়েছেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা উপসাগরীয় অঞ্চলের জন্য একটি দীর্ঘমেয়াদি হুমকি। তাই অপারেশন এপিক ফিউরি শেষ হওয়ার আগেই এই সরকারকে উৎখাত করা প্রয়োজন। মাঝে মাঝে ট্রাম্প যুদ্ধ থামিয়ে দেওয়ার পক্ষে মত দিলেও যুবরাজ সালমান তাকে নিরুৎসাহিত করছেন।
তেহরানকে দুর্বল করার লক্ষ্যে ইরানের জ্বালানি অবকাঠামোতে সরাসরি হামলা চালানোর প্রস্তাবও দিয়েছেন তিনি। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত কথোপকথনের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এমন খবর সামনে এল।
এর আগে হরমুজ প্রণালি উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎ ও জ্বালানিকেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেও পরবর্তীতে জানান, আগামী পাঁচ দিন ইরানের জ্বালানি অবকাঠামোতে কোনো হামলা চালানো হবে না।
ট্রাম্প আলোচনার কথা বললেও ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো ধরনের যোগাযোগ হয়নি। এদিকে ট্রাম্পের এই দাবির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান ও খোররামশহর নগরীর জ্বালানিকেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে।
ইরানের ফারস বার্তা সংস্থার তথ্যমতে, মঙ্গলবার ইস্পাহানের উত্তরাঞ্চলীয় কাভেহ সড়কে একটি গ্যাস স্থাপনা এবং গ্যাস প্রেসার রিডাকশন স্টেশনে এই হামলা হয়। এর ফলে গ্যাসকেন্দ্রটি ছাড়াও আশপাশের আবাসিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে ইরানও ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ইসরায়েলে অন্তত পাঁচবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হলেও বিয়ারশেবা শহরের বাইরে একটি ফাঁকা জায়গায় আঘাত হেনেছে।
এছাড়া রয়টার্স জানিয়েছে, তেল আবিবসহ ইসরায়েলের উত্তরাঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে সাইরেন বেজে ওঠে এবং প্রতিরোধকারী ইন্টারসেপ্টর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই হামলায় ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এনএন/ ২৪ মার্চ ২০২৬





