ইরানের জ্বালানি স্থাপনায় হামলা: ১০ দিন সময় বাড়ালেন ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা: ১০ দিন সময় বাড়ালেন ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের বিদ্যুৎ গ্রিডে সম্ভাব্য হামলার সময়সীমা আবারও পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই হামলার পরিকল্পনা ১০ দিনের জন্য স্থগিত করে আগামী ৬ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের অনুরোধে তিনি এই সময়সীমা বাড়িয়েছেন এবং দুই পক্ষের মধ্যে আলোচনা ভালোভাবে এগোচ্ছে। তবে তেহরান এই ধরনের আলোচনার বিষয়টি অস্বীকার করেছে।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালানো হবে। পরে অগ্রগতি দেখিয়ে প্রথমে ৫ দিনের সময় বৃদ্ধি করা হয়, যা এবার দ্বিতীয় দফায় আরও বাড়ানো হলো।

ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ বন্ধে একটি চুক্তির জন্য আগ্রহী। তবে ইরান এই দাবি নাকচ করে পাল্টা সতর্কবার্তা দিয়েছে তাদের জ্বালানি অবকাঠামোয় হামলা হলে পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হবে।

মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য ইরানের ওপর চাপ বাড়িয়ে যাচ্ছে। বৈশ্বিক তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই পথটি বর্তমানে কার্যত অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।

Scroll to Top