
তেল আবিব, ২১ মার্চ – চলতি সপ্তাহে ইরানের ওপর হামলার তীব্রতা আরও বাড়ানো হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
শনিবার সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন যে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যৌথভাবে ইরান সরকারের বিভিন্ন অবকাঠামোর ওপর যে হামলা পরিচালনা করছে, তার মাত্রা এই সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
ইসরায়েলের এই মন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা এবং অভ্যন্তরীণ বাহিনী অত্যন্ত শক্তিশালী।
যুদ্ধের পূর্বনির্ধারিত সমস্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই থামবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েল কাৎজ।
এনএন/ ২১ মার্চ ২০২৬





