
ইরান, ১৪ ফেব্রুয়ারি – ইরানে সরকার পরিবর্তন নিয়ে নতুন করে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মন্তব্য করেছেন যে ইরানে সরকার পতন বা শাসনব্যবস্থার পরিবর্তনই হবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সবচেয়ে ভালো ঘটনা। দীর্ঘ ৪৭ বছরের নিষ্ফল আলোচনার পর এবং চলমান উত্তেজনার মধ্যে এমন পরিবর্তনকে আদর্শ বলে অভিহিত করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান যে বিগত ৪৭ বছর ধরে ইরান কেবল আলোচনাই চালিয়ে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আলোচনার সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র অনেক মানুষকে হারিয়েছে এবং অনেকে গুরুতর আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্প আরও বলেন যে ইরান যদি সঠিক কোনো চুক্তিতে পৌঁছাত তবে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে যেত না কিন্তু ঐতিহাসিকভাবে তারা তা করেনি।
ইরানে সরকার পরিবর্তন হলে দায়িত্ব কে নেবে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান এ বিষয়ে তিনি কথা বলতে চান না তবে এর জন্য মানুষ রয়েছে। এদিকে তেহরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি জানান দ্বিতীয় রণতরীটি শিগগিরই মধ্যপ্রাচ্যে পাঠানো হবে এবং এটি আরব সাগরে অবস্থানরত আব্রাহাম লিঙ্কন রণতরীর বহরে যুক্ত হবে। ওমান ও অন্যান্য মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হলেও নির্দিষ্ট সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে ইরানও জানিয়েছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।
এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬




