
কুয়েত সিটি, ৬ জুন – ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে ১৯৮ কোটি মার্কিন ডলার মূল্যের অত্যাধুনিক অ্যান্টি ড্রোন সিস্টেম ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। মার্কিন অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যান্ডুরিল থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনা হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এই প্রস্তাবিত সামরিক বিক্রয় অনুমোদন করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে এই বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং ন্যাটোর বাইরের অন্যতম প্রধান মিত্র কুয়েতের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য যে কুয়েতে বর্তমানে ছোট ও বড় মিলিয়ে মোট আটটি মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে। সম্প্রতি ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন এপিক ফিউরি চলাকালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।
এসব হামলায় কুয়েতের অবকাঠামোগত ব্যাপক ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে। গত বুধবারও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাতে একজন নিহত ও বহু মানুষ আহত হন।
সবশেষ আজ ভোরে কুয়েত লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকোম আকাশেই ধ্বংস করে দেয়। মূলত এই ধারাবাহিক নিরাপত্তাহীনতা দূর করতেই কুয়েত তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে।
এস এম/ ৬ জুন ২০২৬






