ইরান যুদ্ধের জন্য দায়ী ইসরায়েলের চাপ, মার্কিন সন্ত্রাসদমন প্রধানের পদত্যাগ | চ্যানেল আই অনলাইন

ইরান যুদ্ধের জন্য দায়ী ইসরায়েলের চাপ, মার্কিন সন্ত্রাসদমন প্রধানের পদত্যাগ | চ্যানেল আই অনলাইন

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী কেন্দ্র ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার (এনসিটিসি) এর প্রধান জোসেফ কেন্ট পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন এবং একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান প্রকাশ করেন।

পদত্যাগপত্রে কেন্ট জানান, নীতিগত ও ব্যক্তিগত বিবেকবোধের কারণে তিনি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অবস্থানকে সমর্থন করতে পারছেন না। তার মতে, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না, বরং ভিন্ন কিছু প্রভাব এই সংঘাতের পেছনে কাজ করেছে।

তিনি অভিযোগ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কিছু প্রভাবশালী মহলের চাপ ও প্রচারণার কারণে এই সামরিক অবস্থান তৈরি হয়েছে। প্রশাসনের শুরুতে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের মাধ্যমে জনমত প্রভাবিত করা হয়েছে।

ইরান যুদ্ধের জন্য দায়ী ইসরায়েলের চাপ, মার্কিন সন্ত্রাসদমন প্রধানের পদত্যাগ | চ্যানেল আই অনলাইন

পদত্যাগপত্রে কেন্ট ট্রাম্প প্রশাসনের আগের কিছু সামরিক পদক্ষেপের প্রশংসাও করেন। বিশেষ করে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার অভিযান এবং আইএসআইএসবিরোধী কার্যক্রমকে তিনি সফল হিসেবে উল্লেখ করেন।

তবে তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে সেই নীতিগত অবস্থান থেকে সরে এসেছে প্রশাসন। তিনি সতর্ক করে বলেন, অতীতের মতো ভুল সিদ্ধান্ত আবারও যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। ইরাক যুদ্ধের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বর্তমান নীতিনির্ধারণে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের অধীনে দায়িত্ব পালন করা কেন্ট একজন সাবেক বিশেষ বাহিনীর কর্মকর্তা। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

Scroll to Top