
বাগদাদ, ৪ মার্চ – ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তেহরান-বিরোধী সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার এক বিবৃতিতে কুর্দিস্তানে ইরান-বিরোধী গোষ্ঠীর ওপর এই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়।
আইআরজিসি জানায়, স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইরাকের কুর্দিস্তানে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়ে কোমালা এবং অন্যান্য প্রতিবিপ্লবী গোষ্ঠীর ঘাঁটি ও সদরদপ্তরে সফলভাবে আঘাত হানা হয়েছে।
সম্প্রতি ইরাকে নির্বাসিত কয়েকটি কুর্দি-বিরোধী গোষ্ঠী একটি রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছিল। তাদের লক্ষ্য হলো ইসলামি প্রজাতন্ত্র ইরানের বর্তমান সরকারকে উৎখাত এবং নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা।
মার্কিন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর আগেই এই গোষ্ঠীর হাজার হাজার সদস্য ইরানে অবৈধ অনুপ্রবেশ করেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইরান-বিরোধী বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করেছে এবং তারা ইরানে অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে ধ্বংস করে দিয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত করে ধ্বংস করে।
এই ঘটনার পর তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা এবং যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
এনএন/ ৪ মার্চ ২০২৬





