ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর আবার যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সোমবার রাতে গোষ্ঠীটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবিষয়ক দুই কর্মকর্তা।
এ নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দ্বিতীয়বারের মতো হুতিদের ওপর যৌথ হামলা চালাল। এ ছাড়া যুক্তরাষ্ট্র আলাদাভাবে আটবার হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হুতিদের ব্যবহার করা রাডার ব্যবস্থাও ছিল। এর আগের হামলাগুলোর বেশির ভাগই গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্রগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল।



