
কুষ্টিয়া, ৭ মার্চ – ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের জারি করা ওই আদেশে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গঠিত তদন্ত কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মাওলা। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান।
এনএন/ ৭ মার্চ ২০২৬





