
জাকার্তা, ২ জুলাই – ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার বিমানটি জ্বালিয়ে দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি) নামে পরিচিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, নিকোলাস এফ গোসেলিন নামের ওই পাইলট হাইল্যান্ড পাপুয়া প্রদেশে বিমানটি অবতরণ করার পর হামলার শিকার হন।
বিচ্ছিন্নতাবাদীদের দাবি অনুযায়ী, ওই বেসামরিক পাইলট ইন্দোনেশীয় সেনাদের পাপুয়ায় আনা-নেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। এই হত্যার মাধ্যমে তারা ইন্দোনেশিয়া এবং যুক্তরাষ্ট্রের সরকারের কাছে একটি কঠোর বার্তা দিতে চেয়েছে।
ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি তারা ভস্মীভূত অবস্থায় উদ্ধার করলেও বিমানে থাকা সাতজন যাত্রী এবং পাইলটের ভাগ্যে প্রকৃতপক্ষে কী ঘটেছে, সে বিষয়ে তারা এখনো অন্ধকারে রয়েছেন।
পাপুয়া অঞ্চলটি খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও দীর্ঘ সময় ধরে স্বাধীনতার দাবিতে সেখানে আন্দোলন চলছে। বিমানটি পাপুয়ার ইয়াহুকিমু অঞ্চলের একটি বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি অবতরণের সময় কোনো নিরাপত্তা ঝুঁকির পূর্বাভাস ছিল না। কিন্তু নামার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইন্দোনেশীয় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানের মুখপাত্র ইউসেফ সুতেজো জানান, এটি কোনো হামলা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
এনএন/ ২ জুলাই ২০২৬





