ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গেছে: গোলাম পরওয়ার – DesheBideshe

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গেছে: গোলাম পরওয়ার – DesheBideshe

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গেছে: গোলাম পরওয়ার – DesheBideshe

বরিশাল, ৮ মার্চ – বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, ভোটের ফলাফল ‘ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় যাওয়ার পর বিএনপি সরকার জুলাইয়ের আন্দোলনের চেতনা ভুলে গেছে। তিনি সতর্ক করে বলেন, দেশের জনগণ সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আগামী নির্বাচনে তারা এর উপযুক্ত জবাব দেবে।

রোববার বরিশাল নগরীর একে স্কুল মাঠে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে গোলাম পরওয়ার জানান, সামনে অনুষ্ঠিতব্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে এসব নির্বাচনে সাধারণ মানুষ তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করবে।

রমজান মাসের তাৎপর্য নিয়ে আলোচনা করতে গিয়ে জামায়াত নেতা বলেন, পবিত্র কোরআন এই মাসেই নাজিল হয়েছে এবং এটি শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত কোরআনের নির্দেশনা অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যদি তাকওয়াবান ও সৎ ব্যক্তিদের নিয়োগ দেওয়া যায়, তবে সমাজ থেকে অন্যায়-অবিচার ও দুর্নীতি অনেকটাই কমে যাবে। ওসি, ডিসি, এমপি ও মন্ত্রীসহ দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা ন্যায়পরায়ণ হলে সমাজে অনিয়মের সুযোগ সংকুচিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ইসলামী মূল্যবোধের পক্ষে একটি জনমত তৈরি হয়েছিল এবং মানুষ সেই অনুযায়ী ভোটও দিয়েছিল, কিন্তু সেই ভোটের কাঙ্ক্ষিত প্রতিফলন দেখা যায়নি। বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক।

এনএন/ ৮ মার্চ ২০২৬



Scroll to Top