ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো | চ্যানেল আই অনলাইন

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো | চ্যানেল আই অনলাইন

ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে ৪ দিন আগে। ইতিমধ্যে গণনা শুরু ক্লাব ফুটবলের দিনক্ষণের। ইউরোপের শীর্ষ লিগগুলো মাঠে ফেরার কাছাকাছি চলে এসেছে। আকর্ষণীয় পাঁচটি লিগ আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গড়াবে ক্লাব ফুটবলের জলসা নিয়ে।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে রয়েছে স্পেনের লা লিগা, ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, ইতালির সিরি আ, জার্মানির বুন্দেসলিগা এবং ফ্রান্সের লিগা ওয়ান। গত মৌসুমে স্প্যানিশ চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা, ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনাল, ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান, জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এবং ফরাসিদের চ্যাম্পিয়ন হয় প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। এই লিগগুলোর মধ্যে সবার আগে মাঠ গড়াবে লা লিগা।

আগস্টের ১৫ তারিখ আলাভেস-গেটাফের ম্যাচ দিয়ে পর্দা উঠবে লা লিগার নতুন মৌসুমের। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় হবে ম্যাচ। ১৯ তারিখ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মালাগার বিপক্ষে মৌসুম শুরু করবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২২ তারিখ বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে স্পানিওল। ২৩ তারিখ একই সময় এলচের বিপক্ষে মৌসুম শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

২১ আগস্ট বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথমদিনে প্রথম ম্যাচে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। কভেন্ট্রি সিটির বিপক্ষে খেলবে গানাররা। আগস্ট ২২ বিকেল সাড়ে ৫টায় হাল সিটির বিপক্ষে মৌসুম শুরু করবে ম্যানচেস্টার ইউনাইটেড। বোর্নমাউথের বিপক্ষে আগস্ট ২৩ সন্ধ্যা ৭টায় প্রথম ম্যাচে নামবে ম্যানচেস্টার সিটি। একইদিনে সাড়ে ৯টায় নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে লড়বে লিভারপুল। ২৪ তারিখ দিবাগত রাত ১টায় ফুলহ্যামের বিপক্ষে খেলবে চেলসি।

আগস্ট ২২ গড়াবে ইতালির লিগ সিরি আ, প্রথমদিনে প্রথমে হবে দুটি ম্যাচ। রাত সাড়ে ১০টায় উদিনেসের বিপক্ষে লড়বে কোম এবং মঞ্জার বিপক্ষে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। পরেরদিন একই সময়ে ফ্রসিনোনের বিপক্ষে নামবে জুভেন্টাস। একইদিনে দিবাগত রাত ১২:৪৫ মিনিটে তুরিনোর বিপক্ষে খেলবে এসি মিলান।

ইউরোপের আরেক বড় লিগ জার্মানির বুন্দেসলিগা। প্রথম ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, প্রতিপক্ষ স্টুটগার্ট। বাংলাদেশ সময় ২৮ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টায় লড়বে দল দুটি। ২৯ তারিখ সাড়ে ১০টায় হামবুর্গের বিপক্ষে নামবে বরুসিয়া ডর্টমুন্ড।

২১ আগস্ট দিবাগত রাত ১২:৪৫ মিনিটে ফরাসি লিগ ওয়ানের প্রথম ম্যাচ। স্ট্রাসবুর্গের বিপক্ষে লড়বে মার্শেই। ২২ তারিখ একই সময় তুলুজের বিপক্ষে নামবে অলিম্পিক লিঁও। চ্যাম্পিয়ন পিএসজি শুরু করবে রেঁনেসের বিপক্ষে, ম্যাচ ২৩ আগস্ট দিবাগত রাত ১২:৪৫ মিনিটে।

এই পাঁচটি লিগের বাইরে নেদারল্যান্ডসের এরেডিভিসি এবং তুরস্কের সুপার লিগ আছে, যেখান থেকে চ্যাম্পিয়ন্স লিগে দল আসে। ডাচদের লিগ শুরু হবে আগস্ট ৭। গত মৌসুমের চ্যাম্পিয়ন পিএসভি ৮ আগস্ট রাত ১২টায় লড়বে ফরচুনা সিটার্ডের বিপক্ষে। পিইসি জোল্লের বিপক্ষে ৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় লড়বে আয়াক্স। ১৪ আগস্ট রাত সাড়ে ১২টায় শুরু হবে তুরস্কের সুপার লিগ। প্রথম ম্যাচে লড়বে চ্যাম্পিয়ন গ্যালাতাসারে, যাদের প্রতিপক্ষ কোরাম।

Scroll to Top