ইউক্রেন বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাবিক নিহত – DesheBideshe

ইউক্রেন বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাবিক নিহত – DesheBideshe


ইউক্রেন বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাবিক নিহত – DesheBideshe

নয়াদিল্লি, ২০ জুলাই – ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় একটি বাণিজ্যিক জাহাজে থাকা চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক ভারতীয় গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৯ জুলাই সন্ধ্যায় ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় এমভি গোল্ডেন লিও নামের জাহাজটি হামলার শিকার হয়। হামলার সময় জাহাজটিতে মোট ১৭ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ৫ জন ছিলেন ভারতীয় নাগরিক।

ইউক্রেনে নিযুক্ত ভারতীয় মিশন বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের সদস্যদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানে কাজ করছে মিশন কর্তৃপক্ষ।

পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং আহত নাবিকের দ্রুত সুস্থতা কামনা করেছে।

ভারত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মুখে ফেলার বিষয়টিকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছে ভারত। মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে যে, নৌচলাচল এবং বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকে সবার বিরত থাকা উচিত। নিরীহ বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অপরিহার্য।

এনএন/ ২০ জুলাই ২০২৬



Scroll to Top