ইউএসএআইডির ৫ হাজার ২০০টি চুক্তি বাতিল করছে ট্রাম্প প্রশাসন | চ্যানেল আই অনলাইন

ইউএসএআইডির ৫ হাজার ২০০টি চুক্তি বাতিল করছে ট্রাম্প প্রশাসন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

সিএনএন জানিয়েছে, সোমবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স পোস্টের মাধ্যমে এই তথ্য জানান। তার মতে, এসব কর্মসূচি অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মূল জাতীয় স্বার্থের পরিপন্থী।

তিনি উল্লেখ করেন, ৬ সপ্তাহের পর্যালোচনার পর আনুষ্ঠানিকভাবে ইউএসএআইডির ৫ হাজার ২০০টি চুক্তি বাতিল করা হয়েছে, যেগুলোতে কয়েক দশক ধরে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডির ওপর কঠোর পদক্ষেপ নিতে শুরু করেন। তিনি সংস্থাটি ভেঙে দেওয়ারও পরিকল্পনা করছেন।

এই কাটছাঁট প্রক্রিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এই সহায়তা বন্ধ হওয়ায় বিভিন্ন দেশের দরিদ্র জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেক বিশ্লেষক।

ইউএসএআইডি বিশ্বজুড়ে হাজার হাজার কোটি ডলারের উন্নয়ন সহায়তা প্রদান করে থাকে। ১৯৬১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি ইউএসএআইডি প্রতিষ্ঠা করেন।

যুক্তরাষ্ট্রের মোট বিদেশি সহায়তার পরিমাণ ৬৮ বিলিয়ন ডলার, যার মধ্যে ইউএসএআইডির জন্য প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে।

Scroll to Top