
ঢাকা, ৫ জুলাই – জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর পুলিশ প্রধানদের ৫ম সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি আলী হোসেন ফকির।
শনিবার দিবাগত রাতে তিনি প্রতিনিধিদলের সাথে নিউইয়র্কের পথে রওনা হন।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুন।
দুই দিনব্যাপী এই ইউএনকপস সম্মেলন আগামী ৭ ও ৮ জুলাই নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। সম্মেলনের মূল অধিবেশনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তাদের বক্তব্য উপস্থাপন করবেন। বক্তব্যে জাতিসংঘ পুলিশ কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার, পুলিশ বাহিনীর পেশাগত সক্ষমতা এবং শান্তিরক্ষা মিশনে অবদানের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হবে।
সম্মেলনের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদল জাতিসংঘ পুলিশ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি এবং উচ্চপর্যায়ের পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে।
উল্লেখ্য যে, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পুলিশ সদস্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম শীর্ষ স্থানে রয়েছে। এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও নেতৃত্ব আরও সুদৃঢ় হবে।
এনএন/ ৫ জুলাই ২০২৬





