এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইংল্যান্ড মেয়েদের বিপক্ষে শেষ ১৩ টি-টুয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৪তম ম্যাচে এসেছে জয়ের দেখা পেয়েছে ক্যারিবীয় দলটি। সঙ্গে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ইংলিশদের ছিটকে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ‘বি’ গ্রুপ থেকে তাদের সঙ্গী সাউথ আফ্রিকা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইংলিশদের ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে আগে ব্যাটে নেমে ৭ উইকেটে ১৪১ রানের সংগ্রহ পায় ইংলিশবাহিনী। জবাবে নেমে ১২ বল হাতে রেখে জয়ের বন্ধরে নোঙর করে ক্যারিবীয় মেয়েরা।

‘বি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড, তিনটি দলই সমান তিনটি করে ম্যাচ জিতেছে। ইংল্যান্ডকে হারিয়ে রানরেটে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের কাছে হেরে ছিটকে গেছে ইংল্যান্ড। ইংলিশদের চেয়ে রানরেটে এগিয়ে গিয়ে রানার্সআপ হয়ে সেমিতে পা রেখেছে প্রোটিয়াবাহিনী।
এর আগে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া এবং গ্রুপ রানার্সআপ হয়ে নিউজিল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করে।

বৃহস্পতিবার দুবাইয়ে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। পরের দিন দ্বিতীয়টিতে লড়বে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত আটটায় গড়াবে।



