বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অপ্রত্যাশিত সমস্যায় পড়েছে নরওয়ে জাতীয় ফুটবল দল। মাঠের প্রস্তুতির পাশাপাশি হোটেল-সংক্রান্ত জটিলতা ও খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করতেই ব্যস্ত সময় কাটাতে হচ্ছে দলটির।

শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দারুণ এক জয় তুলে নেওয়ার পর নরওয়ে শিবিরে উৎসবের আবহ থাকার কথা ছিল। কিন্তু সাউথ ফ্লোরিডায় পৌঁছানোর পর তাদের নির্ধারিত হোটেল ছেড়ে দ্রুত অন্য হোটেলে উঠতে বাধ্য হতে হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম *মিয়ামি হেরাল্ড* ও *দ্য ইন্ডিপেনডেন্ট*-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফোর্ট লডারডেলের ‘দ্য ডালমার’ হোটেলে মাত্র এক রাত থাকার পরই সেখান থেকে সরে যায় নরওয়ে দল। হোটেলের পাশেই নির্মাণকাজ চলায় তীব্র শব্দ, অতিরিক্ত যানজট, অপর্যাপ্ত পরিচ্ছন্নতা এবং স্যাঁতসেঁতে পরিবেশের কারণে খেলোয়াড়দের বিশ্রাম ব্যাহত হচ্ছিল।
এ পরিস্থিতিতে নরওয়ে ফুটবল ফেডারেশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায়। দলের লজিস্টিক পরিচালক ট্রুলস ডাহলি নরওয়ের গণমাধ্যম টিভি২-কে বলেন, এত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খেলোয়াড়দের মানসিক স্বস্তি ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতেই দ্রুত হোটেল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী নতুন হোটেলের ৫০টি কক্ষ, নিরাপত্তা ও যাতায়াত ব্যয়ের একটি অংশ বহন করা হলেও, নতুন আবাসনটি তুলনামূলক ব্যয়বহুল হওয়ায় অতিরিক্ত খরচ নরওয়ে ফুটবল ফেডারেশনকেই বহন করতে হচ্ছে।
এদিকে সপ্তাহের শুরুতে নরওয়ে শিবিরে অসুস্থতা নিয়ে কিছু গুঞ্জন ছড়িয়ে পড়লেও কোচ স্টেলে সোলবাকেন তা উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, অধিনায়ক মার্টিন ওডেগার্ডসহ দলের কোনো ফুটবলার অসুস্থ নন। কেবল স্টাফদের কয়েকজন সামান্য অসুস্থ বোধ করেছিলেন। ফলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলের সব গুরুত্বপূর্ণ খেলোয়াড় সম্পূর্ণ ফিট রয়েছেন।
এই ম্যাচকে ঘিরে ইংলিশ প্রিমিয়ার লিগেরও একটি বিশেষ আবহ তৈরি হয়েছে। নরওয়ের দুই তারকা আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ড দীর্ঘদিন ধরেই ইংল্যান্ডের ক্লাব ফুটবলে পরিচিত মুখ। তবে কোচ সোলবাকেন মনে করেন, এটি নরওয়ের জন্য আলাদা কোনো বাড়তি সুবিধা এনে দেবে না। কারণ ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেইন ও জুড বেলিংহাম বর্তমানে ইংল্যান্ডের বাইরে ক্লাব ফুটবল খেলছেন।
সব বাধা পেছনে ফেলে ব্রাজিলের বিপক্ষে দেখানো আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ ফুটবল ধরে রেখে ইতিহাস গড়ার লক্ষ্যে এবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত নরওয়ে।
সূত্র: মার্কা



