নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়া হল না আর্জেন্টিনা। ফাইনালের পর একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে ম্যাচের আগে ড্রেসিংরুমে লিওনেল মেসির দেওয়া কিছু বক্তব্য আলোড়ন সৃষ্টি করে। আর্জেন্টিনা অধিনায়কের সবকিছু ভুলে যাও বাক্যটির পেছনে অনেকেই নানা ষড়যন্ত্র তত্ত্ব ও গোপন অর্থ খোঁজার চেষ্টা করছিলেন। এবার পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশের পর সেই বক্তব্যের নতুন ব্যাখ্যা সামনে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ভিডিওর শুরুতে মেসিকে বলতে শোনা যায়, ‘চলো সবাই, শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্ত থাকা। শুধু খেলায় মনোযোগ দাও। সবকিছু ভুলে যাও। আমাদের কাজ শুধু খেলা। সবাই শুধু খেলাতেই মনোযোগ দাও, চলো। যা ঘটেছে সব ভুলে যাও। চল শুধু খেলি। আমরা সবাই শুধু খেলার দিকে নজর দিই, শুধু খেলায়। চল।’
এই পুরো ঘটনার নতুন একটি নতুন ভিডিও সামনে এসেছে। নতুন প্রকাশিত ভিডিওতে দেখা যায় দলের সবাই দাঁড়িয়ে চলার প্রস্তুতি নেওয়ার সময় গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ পাশে থাকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে পরামর্শ দিয়ে বলেন, ‘ওদের দিক থেকে দুজন মিলে আক্রমণ করতে পারে, তুমি যদি একটু ছড়িয়ে খেলো… যদি তারা উইংয়ে যায়, তাহলে লামিনে ইয়ামালকে চাপ দিও। ভেতরের দিকে বাড়িয়ে দেওয়া বলগুলোর দিকে খেয়াল রেখো, যেন ওরা ঘুরে যাওয়ার সুযোগ না পায়।’
এরপর লিসান্দ্রো মার্টিনেজ গোলরক্ষকের উদ্দেশ্যে বলেন, ‘দিবু, ওরা যখন ভেতরে ঢোকার চেষ্টা করবে তখন আমাদের সতর্ক থাকতে হবে। ওরা সবসময় পা বাড়িয়ে ফাঁকা জায়গা খোঁজে, তাই না?’
লিসান্দ্রো এরপর নিকোলাস তাগলিয়াফিকো বলেন, ‘চলো নিকো, আজ পুরো ম্যাচে তুমি ওকে একচুলও ছাড় দেবে না। পুরো সময় আটকে রাখবে। চলো দিবু, মন শক্ত রাখো, এটা মাথায় গেঁথে নাও। প্রতিটা বল নিজের নিয়ন্ত্রণে নেবে, ঠিক আছে?’
এ সময় মেসি রক্ষণভাগকে সতর্ক করে বলেন, ‘ওরা যখন আক্রমণ নিয়ে উঠে আসবে, লিয়েন্দ্রো (পারেদেস) আর এনজোকে বলো তারা যেন বেশি উপরে না উঠে যায়।’
সবশেষে রোমেরো দিবুকে বলেন, ‘আজ তোমার দিন।’ জবাবে আর্জেন্টাইন গোলরক্ষক আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আজ আমার দিন, আজ ইতিহাস লেখা হবে।’
এরপর দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশের আগে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। তবে ম্যাচ চলাকালীন এবং শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।
মঙ্গলবার লিওনেল স্কালোনিকে এই পুরো বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বিতর্ক বা গুঞ্জন শুরুতেই থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি সামাজিক মাধ্যম ব্যবহার করি না। আমি এসবের কিছুই জানি না। আপনারা কিসের কথা বলছেন, সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই।’
সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে জয়ের পর প্রদর্শিত ‘ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’ লেখা ব্যানারটির বিষয়ে স্কালোনি বলেন, ‘আমার এ বিষয়ে কোনো ধারণা ছিল না, তারা আমাদের কিছুই বলেনি। আমি এটা (ব্যানারটি) আপনাদের মতোই টিভিতে দেখেছি।’


