আর্জেন্টিনার কাছে হারের পর বড় ধরনের শাস্তির মুখে মিশর কোচ

আর্জেন্টিনার কাছে হারের পর বড় ধরনের শাস্তির মুখে মিশর কোচ

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে হারের পর বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। ম্যাচ শেষে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় এবং তাদের দিকে থুতু ছিটানোর অভিযোগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ফিফা।

আর্জেন্টিনার কাছে হারের পর বড় ধরনের শাস্তির মুখে মিশর কোচ

ম্যাচে দীর্ঘ সময় এগিয়ে ছিল মিশর। ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল আফ্রিকার দলটি। তবে শেষ ১৪ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচজুড়ে বেশ কয়েকটি বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ছিল মিশর। বিশেষ করে পেনাল্টির দুটি আবেদন নাকচ হওয়ায় খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে এক ভিএআর বিশেষজ্ঞও দাবি করেন, অন্তত একটি ঘটনায় মিশরের পেনাল্টি পাওয়া উচিত ছিল।

ম্যাচ চলাকালেই ডাগআউটে আচরণের কারণে হলুদ কার্ড দেখেন হোসাম হাসান। এরপর শেষ বাঁশি বাজার পর ড্রেসিংরুমে ফেরার পথে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উত্তেজনার একপর্যায়ে তিনি সমর্থকদের দিকে থুতু ছিটান। ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, কারও দিকে থুতু ছিটানো গুরুতর অসদাচরণ এবং এটি শারীরিক আক্রমণের পর্যায়ে বিবেচিত হয়। এমন অপরাধে অন্তত তিন ম্যাচের নিষেধাজ্ঞাসহ আরও কঠোর শাস্তির বিধান রয়েছে।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে প্রশ্নের জবাবে হোসাম হাসান সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। পাশাপাশি ফিলিস্তিন প্রসঙ্গে মানবিক অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা চাই ফুটবল মানবতার বার্তা বহন করুক।’

সূত্র: টি-স্পোর্টস

Scroll to Top