রুমিন ফারহানা জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা কি মামলা-বাণিজ্য এবং চাঁদাবাজের পক্ষে?’ উত্তরে সবাই বলেন, ‘না।’ তিনি বলেন, ‘যদি না থাকেন, তাহলে আপনারা ন্যায়বিচার-সুশাসন, আইনের শাসন, মানুষের অধিকারের প্রতীক হাঁস মার্কাকে ভোট দেবেন।’ এলাকার যুবকদের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, তাঁরা যেন নিজের ও পরিবারের দায়িত্ব নিতে পারেন, সেই জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
রুমিন ফারহানা আরও বলেন, ‘আমাদের সার কারখানা, গ্যাস ও বড় বড় মিল-কারখানা রয়েছে। তাহলে কেন এলাকার উন্নয়ন হয় না? কারণ, আমরা যোগ্য প্রার্থী সংসদে পাঠাতে পারি না। এবারের নির্বাচন মার্কার না, প্রার্থীর এবং ব্যক্তির নির্বাচন। ব্যক্তি যদি সঠিক না হয়, রাজনীতি সঠিক হবে না। ব্যক্তিগত যদি চাঁদাবাজ, মামলাবাজ হয়, তাহলে এলাকায় শান্তি থাকবে না। ব্যক্তি যদি সৎ না হয়, উন্নয়ন হবে না। এই নির্বাচনে গণতন্ত্রের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদের নির্বাচন। আমার কোনো দল নেই, কোনো হাইকমান্ড নেই। আমার এলাকার মানুষই আমার হাইকমান্ড। আপনারা যে উন্নয়ন চাইবেন, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সেই কাজ করব ইনশা আল্লাহ।’



