‘হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই, যদি তুমি না আস’—সামাজিক মাধ্যমে রিলে, স্টোরিতে কথাটা ঘুরছে। ঈদে প্রকাশ পেয়েছে নিশো-তমা মির্জা জুটির সিনেমা ‘দাগি’। ডায়লগটা এই সিনেমার। যাঁরা সিনেমাটি ইতিমধ্যে দেখেছেন, তাঁদের অনেকে যেমন কথাটা বলে, শুনে আপ্লুত হয়েছেন, হচ্ছেন—একইভাবে ট্রেলার দেখেও উচ্ছ্বসিত হয়েছেন অনেকে।
গত ২৭ মার্চ চরকির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় সিনেমাটির অফিশিয়াল ট্রেলার। ২ মিনিট ২৬ সেকেন্ডের ট্রেলারের শুরুতে শোনা যায়, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, নিশানের ফাঁসি চাই’ স্লোগান। আর একেবারে শেষে নিশোর মায়াময় কণ্ঠে শোনা যায় ডায়লগটা। তা ছাড়া ট্রেলারের ‘ছুঁয়ে যায় আদরের এই উপহার’ গানটিও দর্শককে আকর্ষণ করেছে। আকর্ষণ করেছে নিশোর অভিনয়। মন্তব্যের ঘরে অনুভূতির কথাও জানিয়েছেন দর্শক। তাপস সরকার লিখেছেন, ‘“ছুঁয়ে যাক আদরের এই উপহার” গানটা শোনার সাথে সাথে কলিজায় লাগল।’ রুদ্রনীল লিখেছেন, ‘কী সুন্দর অভিনয়, আসলেই নিশো তুমি সেরা।’ কেউ কেউ আবার ‘হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই, যদি তুমি না আস’ কথাটায় মন্তব্যে লিখেছেন। প্রত্যাশার কথাও ব্যক্ত করেছেন অনেকে। যেমন কেউ বলেছেন, ‘“দাগি” সিনেমা হবে ব্লকবাস্টার।’ আবার অনেকের মন্তব্য, ‘দাগি’ ছাড়িয়ে যাবে ‘সুড়ঙ্গ’কে।



