মেয়েদের সাফ ফুটসালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশ। শিরোপাজয়ী লাল-সবুজের দল শনিবার এসেছিল চ্যানেল আই ভবনে সংবর্ধনায়। ফরোয়ার্ড সুমাইয়া মাতসুশিমা জানালেন, দলের মূল লক্ষ্য এশিয়াতে ভালো করা।
শনিবার বেলা ১১টার দিকে বাফুফের বাসে চ্যাম্পিয়নরা চ্যানেল আই প্রাঙ্গণে পৌঁছান। ফুলেল অভ্যর্থনা জানিয়েছে চ্যানেল আই। পরে আলাপচারিতায় ফরোয়ার্ড সুমাইয়া বললেন, ‘সাফ ফুটসাল যেহেতু এবার প্রথমবার হয়েছে, আমরা আশা করি ভবিষ্যতে আরও আসর হবে। আমাদের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে এশিয়াতে ভালো কিছু করব ইনশাআল্লাহ।’
‘ফুটবল, ফুটসাল বুঝি না। যখন ফুটবল পাই মাঠে গোল করতে চাই।’ যোগ করেন সুমাইয়া।
থ্যাইল্যান্ডের ব্যাংককে গড়ানো ফুটসাল আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় এসেছে বাংলাদেশ। প্রথম আসরে শিরোপা জিতে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছায় সাবিনার দল। শুরুতে চ্যাম্পিয়নদের বিমানবন্দরে ফুলেল বরণ করে নেয়া হয়। পরে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন দলকে নিয়ে যাওয়া হয় হাতিরঝিল এম্পিথিয়েটারে, ঝলমলে আয়োজনে বিজয়ী দলকে সংবর্ধনা দেয় বাফুফে।
সাত দলের অংশগ্রহণে ফুটসাল আসরে ৬ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের দল। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু, দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র। পরের তিন ম্যাচে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২, পাকিস্তানকে ৯-১ এবং মালদ্বীপকে ১৪-২ গোলে হারায় বাংলাদেশ।


