প্রকাশিত হয়েছে জোবায়ের মিলন সম্পাদিত মানবহিতৈষী ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনস্মৃতিগ্রন্থ বা স্মৃতিগ্রন্থ ‘আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী’। অমর একুশে বইমেলা উপলক্ষে গ্রন্থটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনি প্রতিষ্ঠান ‘ঐতিহ্য’।
স্বাধীনতার পর অব্যাবহিত কিছু মহিমময় মানুষের নিঃস্বার্থ শ্রম আর মেধায় রচিত হয়েছে এদেশের সমাজ ও সংস্কৃতির অবয়ব। তাদের কর্ম, চিন্তা, সৃজন ও শ্রমে সহজ হয়েছে আমাদের জীবন। রূপ পেয়েছে স্বপ্ন, সুগঠিত হয়েছে বাংলাদেশ। ডা. জাফরুল্লাহ চৌধুরী সেই মহিমময় মানুষদের অন্যতম। মূলত পেশাগত, রাজনৈতিক, সাংগঠনিক সর্বোপরি মুক্তিযুদ্ধের অনন্য আদর্শ ও দর্শন ধারণ করে মানবতায় উজ্জীবিত এক মহীরূহ তিনি।
মুক্তিযুদ্ধের চরমকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী বিদেশে পাসপোর্ট ছিঁড়ে ফেলে ও ‘ফিল্ড হাসপাতাল’এর মধ্যদিয়ে নিজেকে আবিষ্কার করেছিলেন দেশের একনিষ্ঠ সেবক হিসেবে। সেই তিনিই আবার স্বাধীন দেশে হয়ে উঠলেন নিয়ম ভাঙার এবং নতুন নিয়ম গড়ার ও অজানা নিয়ম চালু করার পরার্থপর অপূর্ব যোদ্ধা, সমাজ সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, বিকল্পধারার স্বাস্থ্য আন্দোলন, নারীপ্রগতি, গ্রামমুখী পেশাদারি বিকাশের মহানায়ক। মানুষকে ভালোবেসে সবহারা মানুষের সঙ্গী হলেন তিনি। রাজকীয় জীবনযাপন ছেড়ে নেমে এলেন সাধারণের কাতারে।
স্রোতের বিপরীতে কাজ করা যে কত কঠিন, তা জীবনের প্রতিদিন অনুভব করেছেন তিনি। কিন্তু তার লক্ষ্য থেকে কিছুই তাকে বিচ্যুত করতে পারেনি। তার বিপ্লবী চেতনা এমন কিছু করে দেখিয়েছে, যা আগে কেউ কখনো ভাবেনি। তার রাজনৈতিক পথ ও মত নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু তার মানবিক গুণ, তার দেশপ্রেম ও পরোপকারিতা প্রশ্নাতীত।
ডা. জাফরুল্লাহ চৌধুরী জীবদ্দশায় অনেকে লিখেছেন, লিখেছেন মৃত্যুর পরও। এসব লেখায় তার জীবনের, কর্মের, সাধনার, সংগ্রামের অভূতপূর্ব খণ্ড চিত্র উঠে এসেছে উজ্জ্বল রূপে; এই খণ্ডচিত্রকে একত্র করার দায়িত্ব নিয়েছেন তরুণ সাংবাদকর্মী জোবায়ের মিলন।

গ্রন্থটির লেখক তালিকায় আছেন জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক, পুত্র বারীশ হাসান চৌধুরী, বোন সেলিনা চৌধুরী মিলি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, ডা. মো: সায়েদুর রহমান, ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, ড. বিজন কুমার শীল, গরহার নাঈম ওয়ারা, জুলিয়ান ফ্রান্সিস, কবি ফরহাদ মযহার, ড. শাহদীন মালিক, এম সাখাওয়াত হোসেন, কাজী জাওয়াদ, মহিউদ্দিন আহমদসহ আরও অনেকে।
জোবায়ের মিলন সম্পাদিত এই গ্রন্থে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও দর্শন, শ্রম ও সংগ্রাম, নিষ্ঠা ও আদর্শ তুলে ধরার চেষ্টা আছে। বইটি পড়লে বহুমাত্রিক ডা. জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে অজানা অনেক কিছুই যেমন জানা যাবে, জানা যাবে-তিনি এমন এক মানুষ, মৃত্যুতে যিনি শেষ হওয়ার কথা নয়। জীবনানন্দ দাশের ভাষায়, ‘এ-পৃথিবী একবার পায় তারে, পায়নাকো আর।’
আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী সম্পাদনা: জোবায়ের মিলন প্রচ্ছদ: আর. করিম এর স্কেচ অবলম্বনে রাইসুল ইসলাম আসাদ মুদ্রিত মূল্য: ৫৮০ টাকা।




