ম্যানচেস্টার সিটির বস পেপ গার্দিওলা বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগে আবারও রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাওয়া কিছুটা বিরক্তিকর। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র’তে প্রতিপক্ষ হিসেবে স্প্যানিশ জায়ান্টদের পাওয়ায় এমন মন্তব্য করেছেন গার্দিওলা। কদিন আগেই গ্রুপপর্বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে হয়েছিল ইংলিশ জায়ান্টদের।
ইতিহাদে গার্দিওলা সিটিজেনদের দায়িত্ব নিয়েছেন ২০১৬ সালে। এরপর থেকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত দেখা হচ্ছে দুদলের। এ সময়ের মধ্যে দুদল মোট ১৩ বার মুখোমুখি হয়েছে। ড্র’য়ের পর উয়েফার কর্তারা রিয়াল-সিটির ম্যাচটিকে ইউরোপীয়ান ক্লাসিক বলে মন্তব্য করেছিলেন।
পুরাতন পদ্ধতিতে কোয়ার্টার ফাইনালের আগে দুদলের দেখা হওয়ার সম্ভাবনা ছিল না। বার্সেলোনা এবং নিউক্যাসল ম্যাচটিও একই ধরণের হবে। তাছাড়া গ্যালাতাসারে এবং লিভারপুলও লিগ পদ্ধতিতে গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল। গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলার পর শেষ ষোলোর প্লে-অফে ওই বেনফিকার বিপক্ষে খেলে শেষ ষোলোয় আসতে হয়েছে রিয়ালকে।
প্রতিযোগিতাটির পদ্ধতিতে নিয়ে স্প্যানিশ কোচ গার্দিওলা বলেন, ‘হ্যাঁ, ব্যাপারটি কিছুটা অদ্ভূত। খুব কম সময়ই এমনটা ঘটে যে গ্রুপপর্বের শেষ খেলা – যেমন রিয়াল বনাম বেনফিকা – প্রথম ড্র হয়। ব্যাপারটির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। কেউ মানুক বা না মানুক কিছুটা পার্থক্য রয়েছে।’
‘কিন্তু কেন নয়? প্রিমিয়ার লিগ এবং কাপে আমরা এই মৌসুমে নিউক্যাসলের বিপক্ষে কতবার খেলেছি? আশা করি ফাইনালে আমরা তাদের বিপক্ষে খেলতে পারব। আমি যখন শুরু করেছিলাম তখন আট, নয়, দশটি দল ছিল। এটা মানিয়ে নেয়ার প্রশ্ন। মাদ্রিদের ড্র মানে তো মাদ্রিদের ড্র’ই। আমরা কী করতে পারি?’
শেষ ষোলো পেরোলে সিটি মুখোমুখি হতে পারে বায়ার্ন মিউনিখ অথবা আটলান্টার এবং সেমিফাইনালে তারা বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনেয়ের মুখোমুখি হতে পারে। কাগজে কলমে মনে হচ্ছে তারা সবচেয়ে কঠিনভাগে পড়েছে। তবে গার্দিওলা জোর দিয়ে বলছেন যে এমন কিছু নেই।
‘এটা খুবই অসম্মানজনক হবে নিউক্যাসল, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ বা হটস্পারের জন্য। চ্যাম্পিয়ন্স লিগ খুবই কঠিন। আমি বলছি না যে মাদ্রিদ কঠিন নয়, সবাই এটা জানে। বাকি দলগুলোর সবারই দারুণ ‘কৌশল’ আছে। যদি এই প্রতিযোগিতায় এগিয়ে যেতে চাও, তাহলে সেরা দলগুলোর বিরুদ্ধে জিততে হবে।’




