‘আবর্জনার মতো লাগে’ বলে এক ব্যক্তি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকে থাকা অর্ধশত গাছ কেটে ফেলার পর সেখানে নতুন করে ৬০টি বকুল চারা রোপণ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। আজ মঙ্গলবার সকালে বেতলতী এলাকায় গিয়ে সড়ক বিভাজকে এসব গাছ দেখা গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গতকাল সোমবার সওজের লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকের ওই ফাঁকা স্থানে গাছগুলো রোপণ করেন। গাছগুলোর ভেঙে পড়া রোধে সেখানে বাঁশের কঞ্চি গেড়ে বেঁধেও দেওয়া হয়েছে। এর আগে একই স্থানের প্রায় ৫০০ মিটার এলাকায় অন্তত ৫২টি বকুলগাছ কেটে ফেলা হয়। এগুলো অবৈধভাবে কাটার অভিযোগে আজমির হোসেন (৩৭) নামের এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন। আজমির কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাওড়াতলী গ্রামের শাহজাহান মজুমদারের ছেলে। তবে তিনি বেলতলী এলাকায় উদ্বোধনের অপেক্ষায় থাকা ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালের ফটকের পাশে একটি দোচালা টিনের ঘরের একাংশে থাকেন, অন্য অংশে চা-বিস্কুট বিক্রি করতেন।