১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় জাতীয় দলকে বিদায় জানান বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোর ভিডিও প্রকাশ করে ওটামেন্ডি লেখেন, আজ আমাকে আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। মনে হয় ভাগ্যই ঠিক করে রেখেছিল, আন্তর্জাতিক অঙ্গনে আমার শেষ ম্যাচ হবে বিশ্বকাপের ফাইনাল। ফলাফল আমাদের পক্ষে আসেনি। তবু আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ জানি, এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। আমিও মাঠে আমার সবটুকু দিয়েছি। তাই তৃপ্তি নিয়েই বিদায় বলছি। আর্জেন্টিনার এই জার্সি পরা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।
আরেকটি বার্তায় তিনি লেখেন, ধন্যবাদ, আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য।
২০০৯ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর আর্জেন্টিনার জার্সিতে ১৩৯টি ম্যাচ খেলেছেন ওটামেন্ডি। চারটি বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি করেছেন ৮টি গোল। জাতীয় দলের হয়ে জিতেছেন ২০২২ সালের বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকার শিরোপা।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। তবে শেষটা সুখের হয়নি। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় লিওনেল মেসিদের।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ক্লাব ফুটবলেও দীর্ঘ ক্যারিয়ারে ইউরোপের শীর্ষ পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ওটামেন্ডি। পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার জার্সিতে খেলেছেন তিনি। সম্প্রতি ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার যোগ দিয়েছেন দেশের ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে।




