আদালতে অনুপ্রবেশকারী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্য | চ্যানেল আই অনলাইন

আদালতে অনুপ্রবেশকারী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্য | চ্যানেল আই অনলাইন

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্যকে আদালতে নেওয়া হয়েছে। আটক অপরজন গুরুতর আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুর সোয়া ২টায় আটক এসব রোহিঙ্গাদের কক্সবাজার আদালতে আনা হয়।

টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রোববার টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যসহ ৫৭ জনকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করে। এর মধ্যে যাচাই-বাছাই করে নাফ নদীতে মাছ আহরণকারী ২ বাংলাদেশি নাগরিকসহ ৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

এছাড়া অপর ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে রোববার রাতে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। এদের মধ্যে একজন গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওসি বলেন, মঙ্গলবার দুপুরে মামলার এজাহারভুক্ত ৫২ জনকে কক্সবাজার আদালত হাজির করা হয়েছে।

শুনানি শেষে আদালতের আদেশ মোতাবেক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সাইফুল ইসলাম।

একাধিক সূত্র জানিয়েছে, মামলায় অভিযুক্তদের বেশিরভাগ কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকানকে ফিরে পাওয়ার যুদ্ধে মিয়ানমারে গিয়েছিলেন।

সীমান্তে বিশেষ টহল জোরদারের পাশাপাশি স্থানীয়দের অযাচিতভাবে সীমান্ত সংলগ্ন এলাকায় না যেতে বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

Scroll to Top