আজও খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় তৃতীয় – DesheBideshe

আজও খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় তৃতীয় – DesheBideshe

আজও খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় তৃতীয় – DesheBideshe

ঢাকা, ০১ ফেব্রুয়ারি – শুষ্ক ও শীতল আবহাওয়ার কারণে বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় আজও ঢাকার বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বাতাস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকার বায়ুমান সূচক (AQI) ছিল ২৩৭। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে রয়েছে।

একই সময়ে তালিকার শীর্ষে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোর, যার একিউআই স্কোর ২৫১। দ্বিতীয় স্থানে রয়েছে মিশরের কায়রো শহর (স্কোর ২৪১)। এরপর চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (১৯৪) এবং নেপালের কাঠমান্ডু (১৮৩)।

আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ হলে বাতাসকে ‘ভালো’, ৫১–১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১–১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১–২০০ স্কোরকে সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া একিউআই স্কোর ২০১–৩০০ হলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়।

এনএন/ ০১ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top