আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম | চ্যানেল আই অনলাইন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ (১১ আগস্ট) মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এসময় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দেশের অন্যান্য এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে। আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে।

Scroll to Top