আকাশ থেকে ভোটের মাঠ পর্যবেক্ষণে বিমানবাহিনীর ইউএভি ও কঠোর নজরদারি – DesheBideshe

আকাশ থেকে ভোটের মাঠ পর্যবেক্ষণে বিমানবাহিনীর ইউএভি ও কঠোর নজরদারি – DesheBideshe

আকাশ থেকে ভোটের মাঠ পর্যবেক্ষণে বিমানবাহিনীর ইউএভি ও কঠোর নজরদারি – DesheBideshe

বাংলাদেশ, ১১ ফেব্রুয়ারি – গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারির ব্যবস্থা করেছে বাংলাদেশ বিমানবাহিনী। এই লক্ষ্যে মানুষবিহীন আকাশযান বা ইউএভি ব্যবহার করে আকাশ থেকে সার্বক্ষণিক ভোটের মাঠ পর্যবেক্ষণ করা হবে। বুধবার নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

তাঁরা জানান যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফল করতে বাংলাদেশ বিমানবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় ও নির্বাচনী দায়িত্ব পালনে বিমানবাহিনীর মোট তিন হাজার ৭৩০ জন সদস্য মোতায়েন রয়েছেন। বিমানবাহিনী প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সারা দেশে হেলিকপ্টার ও পরিবহন বিমানের পাশাপাশি বিশেষ ইউএভি মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য ইন্টেলিজেন্স, সার্ভেইল্যান্স অ্যান্ড রিকনেসান্স বা আইএসআর ভূমিকায় একাধিক ইউএভি বা ড্রোন কাজ করছে। এসব আধুনিক আকাশযান আকাশ থেকে ভূমির পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং সে অনুযায়ী মাঠে অবস্থানরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুততম সময়ে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সক্ষম হবে। মোতায়েনকৃত এই ইউএভিগুলো বাংলাদেশের আকাশসীমা রক্ষায় একটি কৌশলগত সম্পদ হিসেবে বিবেচিত এবং বর্তমানে সেগুলো সক্রিয়ভাবে দেশের বিভিন্ন স্থানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিমানবাহিনীকে আকাশ থেকে ভোটের মাঠের লাইভ ফিড সরাসরি কেন্দ্রীয় মনিটরিং সেল ও প্রধান উপদেষ্টার দপ্তরে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ভোটগ্রহণ প্রক্রিয়ায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top