কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বুধবার (৩ জুন) ভোর ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন জানান, মৃত্যুর পর তার মরদেহ হাসপাতাল থেকে বাড্ডার বেরাইদে নিজ বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বেরাইদ কবরস্থানে দাফন করা হবে।
রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনর্নির্বাচিত হন।
পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।





