আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি – DesheBideshe

আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি – DesheBideshe

আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি – DesheBideshe

ঢাকা, ১১ জানুয়ারি – অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আইপিএল ইস্যু ঘিরে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ভারতের সঙ্গে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর সব দেশের সঙ্গে বাংলাদেশের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, ততক্ষণ আমরা কোনো সুনির্দিষ্ট দ্বিপক্ষীয় সিদ্ধান্ত নিই না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী।’

ভারতের সঙ্গে বাণিজ্যিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কি না, সেটি আমরা পর্যবেক্ষণ করছি।’

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘দৈনন্দিন রাজনৈতিক বা অন্যান্য ঘটনাগুলো সাধারণত দ্বিপক্ষীয় বাণিজ্যে বড় কোনো প্রভাব ফেলে না। তবে ভারত গত মে মাসে কিছু স্থলবন্দর বন্ধ করে বাংলাদেশ থেকে রপ্তানি সীমিত করেছিল, ফলে আমাদের রপ্তানি কিছুটা কমেছে। তারপরও আমরা কোনো পাল্টা পদক্ষেপ নেইনি।’

ভারতে পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি দেশের অভ্যন্তরীণ সরবরাহ ও জোগান স্বাভাবিক রাখার জন্য নেওয়া হয়েছে। অন্য কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের নীতিমালা সবসময় দেশের অভ্যন্তরীণ বাণিজ্যকে গুরুত্ব দিয়েই প্রণয়ন করা হয়।’

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬



Scroll to Top